খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা যে বক্তব্য রেখেছেন তাতে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিএনপি নেতাদের সরকার বিরোধিতার নামে রাষ্ট্রদ্রোহের বিচার অবশ্যই করা হবে।
এছাড়া তিনি আরো বলেন, 'খালেদা জিয়ার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহিতার মামলা একটি যথার্থ মামলা হয়েছে এবং শুধু খালেদা জিয়াই নন, পরবর্তীতে আরো বিকৃত ভাষায় কথা বলেছেন সেই গয়েশ্বর রায়ের বিরুদ্ধেও একটি মামলা হওয়া উচিৎ ছিল।'
তিনি বলেন, 'শহীদদের সংখ্যা নিয়ে যারা প্রশ্ন করে, মীমাংসিত সত্য নিয়ে যারা কথা বলে, ৪৫ বছর পর যারা এই প্রশ্নগুলো তোলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ হওয়া উচিৎ।'
বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো না, সে বিষয়ে প্রশ্নও তোলেন তিনি।
অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা মিনহাজুল ইসলাম প্রমুখ। সময় নিউজ
