Latest News

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত?


 নিজাম উদ্দিন | ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
 না, ‘বিশ্বকাপ খেলব না’ এ কথা এখনো বলেনি পাকিস্তান। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যা বলছে, তাতে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে আফ্রিদির দলকে দেখা যাওয়ার শতভাগ নিশ্চয়তা এখনো নেই। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারার শোধটা কি বিশ্বকাপের ওপরেই নিতে যাচ্ছে পাকিস্তান? এই প্রশ্ন উঠতে পারে। তবে পিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, খেলোয়াড়দের ভারতে পাঠানো এখনো নিরাপদ মনে করছে না তারা।
 বিশ্বকাপের মাত্র এক মাস বাকি। তার আগে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের কথায় উঠে এল বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথা। পাকিস্তান সরকারের সবুজ সংকেত না পেলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয় পাকিস্তানের। শাহরিয়ারের দাবি, আইসিসির ওই সভায় পাকিস্তানকে আশ্বস্ত করা হয়েছে, ভারতে সম্ভব না হলেও পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হতে পারে।
 শাহরিয়ার বলেছেন, ‘কিছু সদস্য এই ব্যাপারটি উত্থাপন করেছে, যদি আমাদের সরকার ভারতে গিয়ে খেলার অনুমতি না দেয়, তখন দুবাই, শারজা কিংবা কলম্বোর মতো নিরপেক্ষ ভেন্যুতে আমাদের ম্যাচগুলো হতে পারে। আমি এটা পরিষ্কার করেই বলেছি, যেহেতু গত ডিসেম্বরে ওরা আমাদের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ওদের সরকার রাজি হয়নি বলে, এ কারণে দেখতে হবে আমাদের ব্যাপারে আমাদের সরকার কী বলে।’
 বিজেপি সরকার সমর্থিত ভারতীয় রাজনীতির কিছু ধর্মীয় উগ্রবাদী সংগঠনের কারণে দেশটিতে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন আছে। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ থেকে আম্পায়ার আলিম দারকে সরিয়ে নিতে হয়েছিল নিরাপত্তার কারণে। ইন্ডিয়ান হকি লিগ খেলতে থাকা পাকিস্তানি খেলোয়াড়দেরও লিগের মাঝপথে ভারত ছাড়তে হয়েছিল।
 তবে এই নিরাপত্তার চেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আসলে ভারতের পাকিস্তানের সঙ্গে সিরিজটি না খেলাই। সিরিজটি আয়োজন করতে মরিয়া পিসিবি ম্যাচের সংখ্যা কমিয়ে শ্রীলঙ্কাতেও আয়োজনের চেষ্টা করেছিল। কিন্তু ভারত সরকারের অনড় অবস্থানের কারণে সিরিজটি হয়নি। পাকিস্তান সরকারও হয়তো এখন এর পাল্টা জবাব দিতে চাইবে।
 আর তা হলে আরও একবার রাজনীতির ঘুঁটি চালাচালির বলি হবে ক্রিকেট। পাকিস্তান সরকার বিকল্প ভেন্যুতেও হয়তো রাজি হবে না। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না ২০০৯ আসরের চ্যাম্পিয়নদের।

NewsLine Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

newslinebangladesh. Theme images by Maliketh. Powered by Blogger.