শুরুতেই হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম সোশ্যালনেট ডট কম ডট বিডি। দেশীয় উদ্যোক্তাদের তৈরি বলে এই মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েলের কারসাজি, বিপরীত লিঙ্গের মানুষকে অনাহূত হয়রানি আর অপরাধমূলক কর্মকাণ্ডের উটকো ঝামেলার সমাধান পাওয়া যাচ্ছে দ্রুত। ১৩ বছর বয়সী ও তার বেশি বয়সের যে কেউ সোশ্যালনেটে (www.socialnet.com.bd) নিবন্ধন করে আবেগ-অনুভূতি প্রকাশ, তথ্য আদান-প্রদান, ভিডিও চ্যাটিং, ওয়াল শেয়ারিংসহ বহুমুখী সব সুবিধা পেতে পারেন সহজেই; যার অনেক কিছুই দিতে পারেনি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও—এমন দাবি উদ্যোক্তাদের।
এই যোগাযোগ মাধ্যমের অন্যতম উদ্যোক্তা ড. সাইদ মাহতাব ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, সোশ্যালনেটে মানুষের আগ্রহ দ্রুত বাড়ার নেপথ্যে আছে এর বাড়তি কিছু সুবিধা, যা ফেসবুকেও নেই। এর মধ্যে আছে অনলাইন বেচাকেনা বা ই-কমার্সের সুবিধা, থাকছে ব্লগ লেখা ও দলগত আলোচনার জায়গা, ব্যবসা-বাণিজ্যের তথ্য চালচালির সুযোগসহ আরও অনেক কিছু। তাঁর দাবি, বাড়তি কিছু অনুষঙ্গ আর প্রয়োজনীয় সব সুবিধা থাকায় নতুন এই যোগাযোগ মাধ্যম মূলত একটি পরিপূর্ণ সোশ্যাল-কমার্স পোর্টাল। ইবে বা অ্যামাজন ডট কমের মতো ই-কমার্স প্ল্যাটফরম হিসেবেও এটি কাজ করছে।
উদ্যোক্তারা বলছেন, এ দেশের অ্যাডমিনের মাধ্যমে পরিচালনার কারণে এখানকার সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রাধান্য দেয়া হয়েছে সাইট ডিজাইনে। দেশীয় কৃষ্টি আর নান্দনিকতার ছোঁয়া আছে এর সবখানে। আপত্তিকর ছবি কিংবা রুচিহীন বক্তব্য দেয়ার সুযোগও থাকছে না সোশ্যালনেটে।
