এক-এগারোর কুশীলবদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে মঙ্গলবার রাতে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। আওয়ামী লীগ-বিএনপি ঐক্যবদ্ধ থাকলে অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করতে পারবে না বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।
সোমবার সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে দুটি পত্রিকার সম্পাদকসহ এক-এগারোর সঙ্গে জড়িতদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একদিন পর জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে খালেদা জিয়া কথা বললেন এক-এগারো প্রসঙ্গে। সে সময়ের কুশীলবদের বিচার দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সত্যিই আন্তরিক হলে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের উদ্যোগ নিতে পারেন।
অবৈধ ক্ষমতা দখল ঠেকাতে আওয়ামী লীগ-বিএনপির ঐক্যের ওপরেও জোর দেন খালেদা জিয়া।
বিএনপির আসন্ন কাউন্সিলে যোগ্য এবং মেধাবীদের নেতৃত্বে আনা হবে বলে অনুষ্ঠানে জানান খালেদা জিয়া। ইন্ডিপেনডেন্ট নিউজ।